
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদীভাঙন রোধে অতি দ্রুত স্লুইসগেট নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবিতে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার সকালে মুছাপুরের ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভয়াবহ নদীভাঙনের কারণে মুছাপুরের শত শত পরিবারের বসতভিটা, ফসলি জমি এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় স্থাপনা চরম হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মানচিত্র থেকে বিস্তীর্ণ এলাকা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারা আর কোনো বিলম্ব না করে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবু কাওছার মামুন, সোহেল এবং নুরনবী।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত যদি ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে সাময়িক প্রতিরোধ গড়ে তোলা না হয় এবং স্থায়ীভাবে স্লুইসগেট নির্মাণের কাজ শুরু করা না হয়, তবে এলাকাবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, ছাত্র-জনতাসহ কয়েক শতাধিক ভুক্তভোগী মানুষ অংশ নেন।
আপনার মতামত লিখুন :