
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আমেরিকাপ্রবাসী সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর উদ্যোগে বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দিনব্যাপী যুক্তরাষ্ট্রের মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত হেকশেয়ার স্টেট পার্কে এ আনন্দভ্রমণের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য, তাদের পরিবার-পরিজন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সেনবাগের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক-এর সভাপতি এএসএম মাইন উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মিলন, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো. মোয়াজ্জেম হোসেন কাজল, আনন্দভ্রমণ আয়োজন উপ-কমিটির আহ্বায়ক কবির আহমেদ, সদস্য সচিব সৈয়দ আমিরুল ইসলাম ফয়সাল এবং প্রধান সমন্বয়কারী মো. জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজনে শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, প্রবাসে অবস্থানরত সেনবাগবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতেই প্রতিবছরের মতো এবারও এ আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে দিনটি উপভোগ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :