
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে পুলিশের অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার জয়াগ ইউনিয়নের কেঘনা আশ্রয়ণ কেন্দ্রের সামনে চাটখিল-সোনাইমুড়ী সড়কে এ অভিযান চালানো হয়।
সোনাইমুড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিঃ) দীন মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল রাত প্রায় ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা এলাকার আরিফুল ইসলাম শ্যামল (২৬) এবং বজরা ইউনিয়নের বাসিন্দা, বর্তমানে কেঘনা আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারী নুরুজ্জামান ওরফে নুরু (৪৫)।
পুলিশ জানায়, আটক আরিফুল ইসলাম শ্যামলের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং নুরুজ্জামানের লুঙ্গির কোচ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ৮৫ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৫শ টাকা।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে মাদক রাখার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় খুচরা ও পাইকারি পর্যায়ে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলেও পুলিশের কাছে তথ্য দিয়েছেন।
এ ঘটনায় এসআই (নিঃ) দীন মোহাম্মদ বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করেছেন।
সোনাইমুড়ী থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :