প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২০ জুলাই, ২০২৬

সেনবাগে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগে পারিবারিক কলহের জেরে মো. রায়হান হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২০ জুলাই) ভোরে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান হোসেন ওই গ্রামের আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে রায়হানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারিবারিক কলহের সৃষ্টি হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরই জেরে রাত আনুমানিক সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের শয়নকক্ষে গামছা দিয়ে গলায় ফাঁস দেন।

পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত সেনবাগ থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর