
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : চিকিৎসাকে নিছক পেশা নয়, বরং মানবসেবা ও দ্বীনি খিদমতের ব্রত হিসেবে গ্রহণ করে এক অনন্য নজির স্থাপন করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের কৃতি সন্তান ডা. তৌহিদুর রহমান সাকিল। এলাকার সুবিধাবঞ্চিত এতিম, অসহায় মানুষ, সর্বজনশ্রদ্ধেয় হাফেজে কুরআন এবং মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন এই তরুণ চিকিৎসক।
বর্তমানে তিনি কোম্পানীগঞ্জের বসুরহাটে অবস্থিত ‘নিরাময় ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘বসুরহাট মা ও শিশু হাসপাতাল’-এ নিয়মিত চেম্বার করছেন এবং নবজাতক, শিশু ও মেডিসিন রোগের চিকিৎসাসেবা প্রদান করছেন।
জানা গেছে, নিজ এলাকার মানুষের প্রতি আত্মিক দায়বদ্ধতা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্তরিক অনুভূতি থেকেই তিনি ফেনীর সোনাগাজীর ‘সান জেনারেল হাসপাতাল’-এর দায়িত্ব ছেড়ে নিজ জন্মভূমিতে ফিরে এসেছেন।
এ বিষয়ে নবজাতক, শিশু ও মেডিসিন রোগে অভিজ্ঞ চিকিৎসক ডা. তৌহিদুর রহমান সাকিল বলেন,”আমাদের কোম্পানীগঞ্জে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের বেশ সংকট রয়েছে। এলাকার মানুষ, বিশেষ করে কোমলমতি নবজাতক ও শিশুদের সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। সেই তাগিদ থেকেই এলাকায় নিয়মিত চেম্বার শুরু করেছি। পাশাপাশি সমাজের এতিম, অসহায় মানুষ এবং আমাদের দ্বীনি রাহবার সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও হাফেজে কুরআনদের চিকিৎসায় কিছুটা সহযোগিতা করার নিয়তেই সম্পূর্ণ বিনামূল্যে এই সেবার উদ্যোগ নিয়েছি।”
এদিকে একজন অভিজ্ঞ চিকিৎসকের এমন দ্বীনি ও মানবিক উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আলেম-ওলামা, সুশীল সমাজ ও সাধারণ এলাকাবাসী। তারা ডা. তৌহিদুর রহমান সাকিলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান যুগে যেখানে চিকিৎসাসেবা ক্রমশ বাণিজ্যিক রূপ নিচ্ছে, সেখানে এতিম ও আলেম-ওলামাদের জন্য এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয় দৃষ্টান্ত।
আপনার মতামত লিখুন :