প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জুলাই, ২০২৬

সোনাইমুড়ীতে বিশেষ অভিযানে পরিত্যক্ত ঘর থেকে এলজি ও কার্তুজ উদ্ধার

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে একটি একনলা দেশীয় এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রটির মালিকানা, সংরক্ষণের উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযানে মামলার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় সোনাইমুড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাইমুড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের লক্ষ্যে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ও ভাঙা লাকড়ির ঘর তল্লাশি করে একটি একনলা দেশীয় এলজি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া অস্ত্রটি দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল কি না, নাকি সাম্প্রতিক সময়ে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অস্ত্রটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস, মালিকানা এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের ধারাবাহিক অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের অভিযান আরও জোরদার হলে অস্ত্র-সন্ত্রাস নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর