
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোনাইমুড়ীতে আলোচনা সভা ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৫ আগস্ট) বিকেলে সোনাইমুড়ী রেলওয়ে স্টেশন চত্বরে আলোচনা সভা শেষে পৌর শহরের বিভিন্ন সড়কে গণমিছিল করেন দলটির নেতাকর্মীরা।
বিকেল ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনাইমুড়ী পৌর জামায়াতের সেক্রেটারি ফজলুল হক।
সভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির রহিম উল্লাহ বিএসসি, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান, পৌর জামায়াতের আমির আবদুল মতিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, জামায়াত নেতা অ্যাডভোকেট ইদ্রিস মোল্লা এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিনুল এহসান ফাহাদ।
বক্তারা বলেন, ৫ আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা ন্যায়, ইনসাফ, গণতন্ত্র, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, অতীতের রাজনৈতিক সংঘাত, সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে পারস্পরিক সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনার পরিবেশ গড়ে তুলতে হবে। জনগণের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক নেতৃত্বকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান তারা।
সভাপতির বক্তব্যে মো. হানিফ মোল্লা বলেন, ৫ আগস্টের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দায়িত্বশীল রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জামায়াতের নেতাকর্মীরা একটি গণমিছিল বের করেন। মিছিলটি সোনাইমুড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াত এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :