প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ আগস্ট, ২০২৬

চাটখিলে প্রবাসীর বসতঘরে মধ্যরাতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই সবকিছু

উপজেলা সংবাদদাতা, চাটখিল : চাটখিল পৌরসভায় এক প্রবাসীর বসতঘরে মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরসহ ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের আগে ঘরের স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘরটি আরব আমিরাত প্রবাসী রাসেল পাটোয়ারীর।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাসেল পাটোয়ারীর মা জান্নাতুল ফেরদৌস তাঁর অসুস্থ বাবার চিকিৎসার জন্য পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। অন্যদিকে রাসেলের ছোট ছেলে ৪০ দিনের জন্য তাবলিগ জামায়াতের সফরে অন্য জেলায় ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে খালি বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এর আগেই বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত নাশকতার ঘটনা। তাঁদের অভিযোগ, ঘরে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা প্রথমে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে এবং পরে ঘটনা আড়াল করতে পুরো ঘরে অগ্নিসংযোগ করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রবাসী পরিবারের সদস্যরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশ বা ফায়ার সার্ভিসের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর