
স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১১ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর আলম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিয়ারপোল এলাকার হানুর চা দোকানের সামনে চৌমুহনী-ফেনী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডিমাতলী গ্রামের বাসিন্দা এবং মো. আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনুপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :