
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি, চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী জহির উদ্দিন সেলিম এবং তাঁর ভাই শিহাব উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপপ্রচার ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চরফকিরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চাপরাশিরহাট পূর্ব বাজারে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল চাপরাশিরহাট পূর্ব বাজার প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চরফকিরা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন রিপন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযুক্ত ‘হানিফ-আমেরিকান সিটি’র কর্ণধার হানিফ ছুকানী ও তাঁর ছেলে ওমর ফারুক ওরফে বাদশাকে চরফকিরা ইউনিয়ন ও চাপরাশিরহাট বাজারে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।
পরবর্তীকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাস্টার।
সংবাদ সম্মেলনে বলা হয়, হানিফ ছুকানী ও তাঁর ছেলে ওমর ফারুক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রবীণ বিএনপি নেতা জহির উদ্দিন সেলিম ও তাঁর পরিবারসহ নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। বক্তারা এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আপনার মতামত লিখুন :