
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে মানব উন্নয়ন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ড.। মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।
‘মানবতার সেবায়, আলোর পথে’ প্রতিপাদ্যে রোববার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দেওটি ইউনিয়নে ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন ও তাঁদের স্বাবলম্বী করে তুলতে ‘পাঁচ শূন্য’ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির পাঁচটি লক্ষ্য হলো ‘শূন্য নিরক্ষরতা, শূন্য চিকিৎসাবিহীন মৃত্যু, শূন্য ভিক্ষুক, শূন্য গৃহহীন ও শূন্য অদক্ষ যুবক’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ও ড. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, সিআইপি। বিশেষ অতিথি ছিলেন এলএমআইএস, লন্ডনের চেয়ারম্যান ডানকান থমসন।
আয়োজকেরা জানান, ‘শূন্য নিরক্ষরতা’ কর্মসূচির আওতায় শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি মানুষের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা হবে। ‘শূন্য চিকিৎসাবিহীন মৃত্যু’ কর্মসূচির মাধ্যমে সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
‘শূন্য ভিক্ষুক’ কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তির পরিবর্তে সুবিধাবঞ্চিত মানুষের জন্য মর্যাদাপূর্ণ আয়ের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। একইভাবে ‘শূন্য গৃহহীন’ কর্মসূচির মাধ্যমে পরিবারের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা এবং ‘শূন্য অদক্ষ যুবক’ কর্মসূচির আওতায় তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক, দক্ষ ও স্বাবলম্বী সমাজ গঠনে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ আবাসন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা জরুরি। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও ব্যক্তিপর্যায়ের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের টেকসই পরিবর্তন আনা সম্ভব।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ‘পাঁচ শূন্য’ কর্মসূচিকে সামনে রেখে মানব উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।
আপনার মতামত লিখুন :