প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ আগস্ট, ২০২৬

সেনবাগে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ, আটক-৫

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনী এলাকার ‘মা মঞ্জিল’ নামের একটি ভবনে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে তিন নারী ও দুই যুবককে স্থানীয় লোকজন আটকের দাবি করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রের দাবি, গত ৬ আগস্ট দিবাগত রাত প্রায় ২টার দিকে ভবনটিতে অভিযান চালিয়ে এলাকাবাসী তিন নারী ও দুই যুবককে আটক করেন। পরে তাদের ভবনের মালিক শহিদুল ইসলামের হেফাজতে রাখা হয় এবং পরদিন সকালে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ রয়েছে, পরদিন রাতে আটক ব্যক্তিদের থানায় না দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আটক ব্যক্তিদের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করে।

বিন্নাগুনী গ্রামের বাসিন্দা জহির উদ্দিন অভিযোগ করেন, ভবনটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলে আসছে, যা এলাকার সুনাম ক্ষুণ্ন করছে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, ভবনটির মালিক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। তারা আরও দাবি করেন, সংবাদ সংগ্রহে গেলে কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের বাধা দেন এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

তবে ভবনের মালিক শহিদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সুযোগ নিয়ে কয়েকজন ব্যক্তি তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

অভিযোগে সেনবাগ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী বেলালের মেয়ের জামাই হিসেবে শহিদুল ইসলামের নাম উল্লেখ করা হলেও এ বিষয়ে হাজী বেলালের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার শনিবার রাত সাড়ে ১০টার দিকে জানান, কথিত আটকের বিষয়টি পুলিশকে কেউ জানায়নি এবং এ পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগও জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর