প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ আগস্ট, ২০২৬

সোনাপুর জিরো পয়েন্টে সড়কের ঢালাই সরে বেরিয়ে এসেছে রড, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

স্টাফ রিপোর্টার : সোনাপুর জিরো পয়েন্ট সংলগ্ন প্রধান সড়কের বিভিন্ন স্থানে কংক্রিটের ঢালাই সরে গিয়ে রড বেরিয়ে এসেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ব্যস্ততম এই সড়কের এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনের চালক ও পথচারীরা। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা থাকলেও স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

সোনাপুর জিরো পয়েন্ট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)সহ জেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গে জেলা শহরের যোগাযোগের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন এ পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী অসংখ্য যানবাহনের পাশাপাশি দূরপাল্লার বাস, লোকাল বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, পিকআপ, মোটরসাইকেল, ভ্যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে।

সড়কের বিভিন্ন স্থানে ঢালাই উঠে গিয়ে ধারালো রড বেরিয়ে থাকায় যানবাহনের ক্ষতির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদের জন্য এসব স্থান অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

পথচারীদের জন্যও পরিস্থিতি উদ্বেগজনক। গুরুত্বপূর্ণ এই এলাকায় নিরাপদ পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ নেই। এছাড়া সড়কের দুই পাশে সিএনজি অটোরিকশার অবস্থান এবং ফুটপাতের ওপর দোকানপাট থাকায় অনেককেই মূল সড়ক ব্যবহার করে চলাচল ও রাস্তা পার হতে হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় সড়কের ওপর বেরিয়ে থাকা কয়েকটি ঝুঁকিপূর্ণ রড এক স্থানীয় যুবককে নিজ উদ্যোগে অপসারণের চেষ্টা করতে দেখা যায়। এ ঘটনায় সড়কটির ঝুঁকিপূর্ণ অবস্থা আবারও সামনে আসে।

স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই সোনাপুরের এই রাস্তার বেহাল দশা। প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করলেও সড়কটির উন্নয়নে কার্যকর উদ্যোগ দেখা যায় না।”

তিনি আরও বলেন, “বর্ষার সময় উঠে আসা ঢালাই, দোকানপাটের বর্জ্য, ফুটপাতের ময়লা ও রাস্তার ধুলাবালি মিশে সড়কে দুর্গন্ধযুক্ত ও স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়। এতে পথচারীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।”

ঘটনাস্থলে এক সিএনজি অটোরিকশাচালক বলেন, “ছোট ছোট গর্ত, বেরিয়ে থাকা রড আর ভাঙা অংশের মধ্য দিয়েই প্রতিদিন গাড়ি চালাতে হয়। এতে গাড়ির ক্ষতি হয়, আবার যাত্রীদের নিরাপত্তাও ঝুঁকিতে থাকে। তবু জীবিকার তাগিদে এসব ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে।”

স্থানীয়দের দাবি, শুধু গর্ত ভরাট বা খণ্ডকালীন মেরামত নয়, মাইজদী-সোনাপুর প্রধান সড়কসহ আশপাশের ঝুঁকিপূর্ণ সড়কগুলোর দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত সংস্কার জরুরি। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা, পথচারীদের নিরাপদ চলাচলের ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপদ সড়ক পারাপারের অবকাঠামো নির্মাণেরও দাবি জানান তারা।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বেরিয়ে থাকা রড ও ভাঙাচোরা সড়ককে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর