
নিজস্ব প্রতিনিধি : মহামান্য হাইকোর্টের স্পষ্ট স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার নির্দেশনাকে তোয়াক্কা না করে নোয়াখালীর সোনাইমুড়ীতে কোটি টাকার পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। আদালতের আদেশ অমান্য করে বহিরাগতদের নিয়ে পাকা স্থাপনা নির্মাণ ও জমির মূল রূপ পরিবর্তনের চেষ্টা চালানোয় সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এমনকি আইনি আদেশ মেনে কাজ বন্ধের আহ্বান জানালে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকেও মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে সোনাইমুড়ী উপজেলার ৭ নম্বর বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোটুভী গ্রামে।
মামলার পটভূমি ও আইনি স্থিতি
নথি এবং অনুসন্ধানে জানা যায়, মোটুভী গ্রামের বাসিন্দা মো. আবুল হাসেমের (৫৯) সঙ্গে তাঁর ভাতিজা মো. মাসুদ (৪০) ও ওমর ফারুকের (৪১) বসতভিটা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ এই সম্পত্তি নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি সিভিল রিভিশন মামলা (মামলা নম্বর- ২৭৪২/২০১৩) বর্তমানে বিচারাধীন।
মামলার নথি অনুযায়ী, সোনাইমুড়ী থানাধীন ২৬৫ নম্বর মোটুভী মৌজার সাবের সি.এস ১৫২ এবং বর্তমানে ৫২ নম্বর খতিয়ানভুক্ত সাবের ৩৬৭, ৩৬৮, ৩৫৯ এবং হাল ৭২৯, ৭২৮ ও ৭৩০ দাগের বাড়ি ও ভিটিসহ সর্বমোট ৮১ শতাংশ সম্পত্তি ঘিরে এই দীর্ঘদিনের আইনি বিরোধ।
আইনি পর্যালোচনায় দেখা যায়, ২০১৩ সালের ১৯ জুন মহামান্য হাইকোর্ট বিবাদমান জমির ওপর উভয় পক্ষকে স্থিতাবস্থা (Status Quo) বজায় রাখার স্পষ্ট নির্দেশ দেন। আইন অনুযায়ী, স্থিতাবস্থা জারি থাকা অবস্থায় বিরোধপূর্ণ জমির কোনো প্রকার শ্রেণি পরিবর্তন, নতুন স্থাপনা নির্মাণ বা খরিদা-দখল সম্পূর্ণ অবৈধ এবং তা সরাসরি আদালত অবমাননার সামিল।
সরেজমিন পর্যবেক্ষণ ও আইন অমান্যের করে
মোটুভী গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহামান্য হাইকোর্টের নির্দেশনার তোয়াক্কা না করে বিরোধপূর্ণ জমিতে ইট, বালু ও রড এনে জোরকদমে পাকা সীমানা প্রাচীর ও ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বিবাদী মো. মাসুদ। আদালতের আদেশ অমান্য করে জমির মূল রূপ পরিবর্তন করতে সাবাড় করা হচ্ছে মাটি।
ঘটনাস্থলে হাইকোর্টের আদেশের বিষয়ে বিবাদী মো. মাসুদের কাছে জানতে চাওয়া হলে তিনি চরম উদ্ধত আচরণ করে বলেন, আমি এসব আদালতের নির্দেশ মানতে বাধ্য নই।
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় ইউপি সদস্য নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানালে, তাঁর ওপর চড়াও হন বিবাদী মাসুদ। স্থানীয় এই জনপ্রতিনিধিকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও গাংচিল স্টাইলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আবুল হাসেম জানান, আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদী মাসুদ ও ওমর ফারুক বহিরাগত অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আখড়া বানিয়ে জমিতে নির্মাণকাজ চালাচ্ছেন। অন্যায়ের প্রতিবাদ ও বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
আদালতের স্থিতি আদেশ অমান্য করা এবং বেআইনিভাবে জমি দখলের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাঁরা অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতের রায় বাস্তবায়নে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানা পুলিশ জানায়, জমি দখল ও স্থিতাবস্থা ভঙ্গের লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। আদালতের নির্দেশ অমান্যকারী ও শান্তিশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :