
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট : বাজারে এখন রুপালি ইলিশের ঝিলিক থাকলেও, সাধারণ খেটে খাওয়া মানুষের পাতে তা যেন এক অধরা স্বপ্ন। এক কেজি ওজনের একটি ইলিশ কিনতে এখন একজন দিনমজুরকে গুনতে হচ্ছে অন্তত তিন দিনের পুরো আয়।
মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য ইলিশ এখন আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কবিরহাট উপজেলার কবিরহাট,চাপরাশিরহাট ও ভূঁইয়ারহাট বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার চেয়ে সামান্য বেশি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে ১,৭০০ থেকে ১,৯০০ টাকায়।
একটু ছোট আকারের (৭০০-৮০০ গ্রাম) ইলিশের কেজিও ১,৪০০ থেকে ১,৫০০ টাকার নিচে মিলছে না।
অন্যদিকে, এই উপজেলায় বর্তমান শ্রমবাজারে একজন দিনমজুরের দৈনিক গড় আয় ৫০০ থেকে ৬০০ টাকা।
নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল ও ঘর ভাড়ার খরচ মেটানোর পর, এক কেজি ইলিশ কেনার স্বপ্ন দেখতে হলে তাকে টানা তিন দিনের সম্পূর্ণ মজুরি তুলে দিতে হচ্ছে মাছ বিক্রেতার হাতে।
বাজার করতে আসা সোহাগ নামে এক নির্মাণশ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দিন রোদ-বৃষ্টিতে খেটে যে টাকা পাই, তা দিয়ে চাল-ডাল কিনতেই শেষ।
সন্তানরা ইলিশ মাছ খাইতে চায়, কিন্তু বাজারে এসে দাম শুনে আর কেনার সাহস হয় না। এক মাছ কিনলে তিন দিন উপোস থাকতে হবে।
স্থানীয় দিনমজুর বেলায়েত বলেন আমরা মাটি কাটি বা গিরস্থীর কাজ করি যে টাকা আমরা মজুরী পায় তাই দিয়ে কোন রকম দিন কেটে যায়, বড় মাছ তো শুধু স্বপ্নেই সাজে বাস্তবে না, গরীবের ইলিশ মাছ হলো পাঙ্গাস আর ব্রিগেট মাছ।
কবিরহাট বাজারে ক্রোকারিজ দোকানের কর্মচারী হাছান হাবীব বলেন বর্তমানে যে বেতন পায় তাই দিয়ে একটা বা এক কেজি ইলিশ কিনলে বেতনের একটি অংশ চলে যায় এতে বাকী বাজার করতে হিমশিম খেতে হয়, আমাদের মত মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে কপালে এই মাছ নেই।
হেলাল, জসিম, রায়হান সহ স্থানিয় একাধিক মাছ ব্যবসায়ী বলছেন, আড়ত থেকেই চড়া দামে মাছ কিনতে হচ্ছে তাদের।
জসিম, আলাউদ্দিন সহ স্থানীয় কয়েক আড়ৎদার বলেন নদী ও সাগরে ইলিশের প্রাপ্তি আগের চেয়ে কম এবং পরিবহন খরচ বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।
তবে ক্রেতা হাসান,বেলায়েত, সোহাগ সহ অনেকের দাবি, অসাধু সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের কারণেই ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
ইলিশের মৌসুমেও যখন এর দাম আকাশচুম্বী, তখন সাধারণ শ্রমজীবী মানুষের প্রশ্ন—দেশের নদী-সাগরের মাছ কেন সাধারণ মানুষের পাতে না উঠে শুধু ধনীদের পাতেই শোভা পাবে।
আপনার মতামত লিখুন :