প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ আগস্ট, ২০২৬

মাইজদীতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

স্টাফ রিপোর্টার : নানা কর্মসূচির মধ্য দিয়ে মাইজদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি বাংলাদেশ জেলা কমিটির যৌথ উদ্যোগে মাইজদী পিটিআই প্রাঙ্গণের মুক্ত স্কয়ার থেকে জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পিটিআই প্রাঙ্গণের মুক্ত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে পিটিআই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মিলাদ, কিয়াম, দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে আগতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা সাধারণ সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন নয়ন, মাওলানা মিজানুর রহমান আল কাদেরী, হাজী জসিম উদ্দিন, অ্যাডভোকেট মিরাজ উদ্দিন জুয়েল, আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নাহিদ, নুরুল ইসলাম, মো. জাকির হোসাইন, হেলাল উদ্দিন আল কাদেরী, সৌরভ হোসেন আশিকী, আবদুর রহিম, মিজানুর রহমান মঞ্জু, শহিদুল ইসলাম, নাজমুল করিম ও রাসেদ বিল্লাহ চিশতীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোয়াখালীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ মানুষের মাঝে তুলে ধরাই তাদের অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুন

  • . এর আরও খবর