প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ আগস্ট, ২০২৬

গোদার মসজিদ–হরিনারায়ণপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারী

উপজেলা সংবাদদাতা, সদর : নোয়াখালী পৌরসভার গুরুত্বপূর্ণ গোদার মসজিদ–হরিনারায়ণপুর সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গর্তে পানি জমে ছোট-বড় পুকুরের মতো অবস্থার সৃষ্টি হয়েছে।

গোদার মসজিদ থেকে পূর্ব দিকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে সেন্ট্রাল রোড ও হরিনারায়ণপুর বাজারে সংযোগ স্থাপনকারী এ সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত শিক্ষার্থী, পথচারী ও বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন করুণ অবস্থা থাকলেও সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিশেষ করে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি। সড়কের গর্ত ও জমে থাকা পানির কারণে অনেক শিক্ষার্থীকে প্যান্ট উঁচু করে রাস্তা পার হতে হচ্ছে। বর্ষার সময়ে এ দুর্ভোগ আরও বেড়ে যায় বলে জানান স্থানীয়রা।

সড়কের বেহাল অবস্থার কারণে অটোরিকশাসহ অন্যান্য যানবাহনও এ পথে চলাচলে অনাগ্রহ দেখাচ্ছে। এতে একদিকে যানবাহন সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে অনেককে বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, নোয়াখালী পৌরসভার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থাকা গুরুত্বপূর্ণ সড়কের এমন দুরবস্থা অত্যন্ত দুঃখজনক। প্রতিদিন শত শত মানুষ এ পথ ব্যবহার করলেও দীর্ঘদিনেও সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

তারা দ্রুত সড়কটি পরিদর্শন করে বড় গর্তগুলো সংস্কারসহ প্রয়োজনীয় মেরামত ও পুনঃনির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচলের উপযোগী করার আহ্বান জানান তারা।

স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সড়কটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর