
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহনের বিভিন্ন অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ফিটনেস ও ট্যাক্স-টোকেনের মেয়াদোত্তীর্ণ এবং নির্ধারিত ওজনসীমা লঙ্ঘন করে বালু পরিবহনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা করে মোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চলাচলের বিষয়টি যাচাই করা হয়। এ সময় কয়েকটি যানবাহনের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স-টোকেনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এছাড়া নির্ধারিত ওজনসীমার চেয়ে বেশি পরিমাণ বালু পরিবহন করায় কয়েকটি বালুবাহী গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।
পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়। এসব মামলায় সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অতিরিক্ত ওজনের বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ বাড়ে। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন চলাচল সড়ক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এসব বিষয় বিবেচনায় নিয়ে নিয়মিতভাবে সড়কে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং আইন অমান্য করে যানবাহন চলাচল বন্ধে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে অতিরিক্ত ওজনের বালুবাহী যানবাহন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :