প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩০ আগস্ট, ২০২৬

আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু, নিরাপত্তার আওতায় ৩ ইউনিয়ন

উপজেলা সংবাদদাতা, সদর : সুধারাম মডেল থানাধীন আন্ডারচর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। রবিবার নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ক্যাম্প উদ্বোধনের পর পুলিশ সুপার বলেন, আন্ডারচরসহ আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে এ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, আন্ডারচর, চরমটুয়া ও কালাদরফ ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে আন্ডারচরে অস্থায়ী পুলিশ ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।
ক্যাম্প উদ্বোধন উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সভায় পুলিশ সুপার বলেন, কোনো এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে জনগণের সহযোগিতাও অপরিহার্য। পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো গেলে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করা আরও কার্যকর হবে।
তিনি আন্ডারচরসহ সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ অস্থায়ী পুলিশ ক্যাম্পের মাধ্যমে আন্ডারচর, চরমটুয়া ও কালাদরফ ইউনিয়নের বাসিন্দারা আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয়ে আরও দ্রুত পুলিশি সহায়তা পাবেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর