
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এই উপলক্ষে উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়নের কাশীপুর বাজারে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এই আনন্দ র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, বর্তমান সদস্য ও বারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলালের সৌজন্যে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিটি কাশীপুর মেলার মাঠ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে আবার মেলার মাঠে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা এবং বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও বারগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল।
তিনি বক্তব্যে উল্লেখ করেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের দেখানো পথে দলকে তৃণমূলে আরও সংগঠিত ও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার মাত্র ৬ মাস হয়েছে দেশ চালাচ্ছেন। বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে। দেশের বিভিন্ন সেক্টরে এখনো ফ্যাসিস্টের লোকজন রয়েছে।
বর্তমানে যে সংকট চলছে তা অচিরেই সমাধান হবে। বক্তব্যে তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদেরকে বিএনপির হাতকে শক্তিশালী করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
র্যালিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
আপনার মতামত লিখুন :