প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬

মাইজদীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ‘সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে GPMS কর্মপরিকল্পনার আওতায় সরকারি বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নোয়াখালী সদর উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা তথ্য অফিস, নোয়াখালীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস, জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়ান্নই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মহিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা বিপু লাল ও ইউপি সদস্য সালাউদ্দীন ভূঁইয়া।

সমাবেশে পরিবার ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ, ধর্ষণ প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, হাম-রুবেলা ও ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া গুজব প্রতিরোধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠন, নৈতিকতা ও মূল্যবোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উপস্থিতদের সচেতন করা হয়।

বক্তারা বলেন, পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা জরুরি। শিশু ও নারীর নিরাপত্তাসহ পরিবারের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ শতাধিক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে এ ধরনের ফ্যামিলি সমাবেশ আয়োজনের মাধ্যমে সরকারি কর্মসূচি ও সামাজিক বিভিন্ন সমস্যা সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে সচেতন, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সমাজ গঠনে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর