
স্টাফ রিপোর্টার : ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে টাকা না দেওয়ায় এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকে প্রচারিত একটি পোস্টকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে নিজের ফেসবুক আইডি ব্যবহার করার সময় একটি ফেসবুক আইডিতে ওই পোস্টটি দেখতে পান বলে জিডিতে উল্লেখ করেন তিনি।
আরএমও রাজীব আহমেদ চৌধুরী বলেন, ওই পোস্টে দুটি ছবি সংযুক্ত করে লেখা হয়, নোয়াখালী সরকারি হাসপাতালে থেকে একজন মা’কে টাকা না দেওয়ার কারণে চিকিৎসা সেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। পোস্টটি নজরে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য ও বাস্তব পরিস্থিতির সঙ্গে বিষয়টি যাচাই করা হয়। এতে দেখা যায়, পোস্টে ব্যবহৃত ছবিটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল, নোয়াখালীর হাসপাতাল এলাকার ছবি নয়। প্রকৃত ঘটনা ও স্থান যাচাই না করে ভিন্ন স্থানের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
জিডিতে বলা হয়েছে, ভিন্ন স্থানের ছবি ব্যবহার করে এমন তথ্য প্রচারের ফলে হাসপাতালের সুনাম, ভাবমূর্তি ও জনআস্থা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতাল সম্পর্কে এ ধরনের তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে সরকারি চিকিৎসাসেবা সম্পর্কে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়। জিডিতে ওই ফেসবুক আইডি পরিচালনাকারী ব্যক্তির পরিচয় এবং পোস্টটির প্রকৃত উৎস শনাক্ত করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :