
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) জন্য নতুন ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেলস্টেশন ও ক্যাম্পাসের সামনের সড়ক ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নোবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান।
মো. শাহজাহান বলেন, ১০০ একরের বর্তমান ক্যাম্পাসের পাশাপাশি আরও ১০০ থেকে ১৫০ একর জমিতে নতুন ক্যাম্পাস গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অল্প দিনের মধ্যেই ক্যাম্পাসের সামনের সড়ক ৪ লেনে উন্নীত করার কাজ শুরু এবং সোনাপুর রেলওয়েকে আরও দক্ষিণে সম্প্রসারণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নতুন একটি রেলস্টেশন স্থাপন করার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, নোবিপ্রবিতে সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট গড়ে তোলার পরিকল্পনার কথা। তিনি বলেন, এ ইনস্টিটিউট থেকে এমন গবেষক তৈরি হবে, যারা সমুদ্রের অবারিত সম্পদ আবিষ্কারের পাশাপাশি তা আহরণের পথ দেখাবেন।
এ ছাড়া সোনাপুরের দক্ষিণে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার কথাও জানান তিনি।
এছাড়া নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম ও পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :