প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৬

স্বপ্নপূরণের পথে ৬শ শিক্ষার্থীর পাশে হাসানাহ ফাউন্ডেশন

উপজেলা সংবাদদাতা, হাতিয়া : দ্বীপের দুর্গম জনপদে শিক্ষার পথটা অনেক শিশুর জন্যই সহজ নয়। বই-খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে অনেক সময় থমকে যায় পড়াশোনা। সেই বাস্তবতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে হাসানাহ ফাউন্ডেশন।

হাতিয়ায় ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬শ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে এক বছরের প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উপকরণ তুলে দিয়েছে সংগঠনটি। এতে নতুন করে পড়াশোনার আগ্রহ তৈরি হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথও কিছুটা সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(১৬ সেপ্টেম্বর) হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি নিজাম বিন মুহিব। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও আল কুরআন রিফ্লেকশন সেন্টারের চেয়ারম্যান মোহাম্মাদ নুরুন্নবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ ছাত্রনেতা মো. আবদুল ওহাব বাবুল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীপাঞ্চলের অনেক শিক্ষার্থী নানা সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো শুধু উপকরণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি তাদের আত্মবিশ্বাস বাড়ানোরও একটি উদ্যোগ। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন অর্থের অভাবে থেমে না যায়, সে জন্য সমাজের সামর্থ্যবান মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

হাসানাহ ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁরা বলেন, একটি বই, একটি খাতা কিংবা একটি কলম কখনো কখনো একটি শিশুর ভবিষ্যৎ বদলে দেওয়ার শক্তি রাখে। প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ শিক্ষার আলো আরও দূরে ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের হাতে যখন এক বছরের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়, তখন তাদের চোখেমুখে দেখা যায় আনন্দের ছাপ। প্রত্যন্ত দ্বীপের এসব শিক্ষার্থীর কাছে উপকরণগুলো শুধু পড়াশোনার সামগ্রী নয়, বরং এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

দ্বীপের প্রতিকূল পরিবেশ পেরিয়ে যারা স্বপ্ন দেখে বড় হওয়ার, তাদের সেই স্বপ্নের পথে সামান্য সহায়তাও যে বড় শক্তি হয়ে উঠতে পারে ৬শ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার এই আয়োজন যেন তারই একটি মানবিক উদাহরণ।

আরও পড়ুন

  • . এর আরও খবর