
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতির আদেশ পুনর্বিবেচনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বরাবর স্মারকলিপি দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদকে তদন্তের স্বার্থে ও বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেয়। একই সঙ্গে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে দেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নোবিপ্রবির বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডের ডিজিটাল স্ক্রিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. খন্দকার ফাহমিদা সুলতানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তের জন্য পদক্ষেপ নেয় এবং চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানায়। এ অবস্থায় বিভাগের শিক্ষার্থীরা অধ্যাপক ড. ফিরোজ আহমেদের অব্যাহতির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।
শিক্ষার্থীরা স্মারকলিপিতে অব্যাহতির আদেশ পুনর্বিবেচনার পাশাপাশি বিষয়টি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, সে বিষয়টিও বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :