
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাহাপুর এলাকায় পৌরসভা গেইট সংলগ্ন ওমর ফারুকের প্রবাসীর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গোডাউনের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৫ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে নুরুল হকের কনফেকশনারি দোকান, ওমর ফারুকের ইলেকট্রিক দোকান ও শাহজাহান মিয়ার দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া পাশের একটি ফার্মেসি, মুদি দোকান, চায়ের দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান এবং দুটি গোডাউনের আংশিক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় শামীম, মিরন, ইব্রাহিম, অনিক, জাহিনসহ আরও কয়েকজন সহযোগিতা করেন।
ঘটনাস্থলে সেনবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :