প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নোবিপ্রবিতে ‘ক্যাশলেস ক্যাম্পাস’ বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ক্যাশলেস ক্যাম্পাস’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, পিএলসি (UCB) ও নোবিপ্রবির যৌথ উদ্যোগে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও সহজতর পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত করতেই আমাদের এই আয়োজন। ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই যাবতীয় ফি জমাদানসহ অন্যান্য আর্থিক লেনদেন সহজে সম্পাদন করতে পারবে।”

উপাচার্য আরও উল্লেখ করেন যে, এই কার্যক্রমের ফলে শিক্ষার্থীদের ফি জমা দেওয়ার জন্য আর ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। একটি নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে একটি আধুনিক, স্মার্ট ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে তিনি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মাহাবুবুর রশিদ, নোবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্যাশলেস ক্যাম্পাস চালুর ফলে শিক্ষার্থীরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS), ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে টিউশন ফি, ভর্তি ফি ও পরীক্ষার ফিসহ সকল প্রকার ফি জমা দিতে পারবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর