
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি : বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে থেকে নীতি ও মূল্যবোধের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
শনিবার (১০ অক্টোবর) রাতে নোবিপ্রবি সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) এক যুগ পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘ এক যুগ ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে, যা প্রশংসার দাবি রাখে।
সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলোতেও সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং যেকোনো অপপ্রচার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয়ে সবাই একটি পরিবারের মতো। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় এখানে সবাই স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেন। তবে এ ক্ষেত্রে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে নীতি ও মূল্যবোধের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো সমস্যা দেখা দিলে তা প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, প্রশাসন দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান করবে। এ সময় তিনি নোবিপ্রবি সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী মো. মহসিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. মো. শহিদ সারওয়ার ও সাংবাদিক সাইফুল্লাহ কামরুল। এ ছাড়া নোবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুদাসসির নাফিসসহ সংগঠনটির সাবেক আহ্বায়ক কমিটি ও বিভিন্ন কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে ক্যাম্পাসের জনপ্রিয় লোকসংগীতের ব্যান্ড ‘সন্ধি’ সংগীত পরিবেশন করে।
আপনার মতামত লিখুন :