প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জে মাকে উত্ত্যক্ত করায় চাচাকে কুপিয়ে জখম করল স্কুলছাত্র

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে বিধবা মাকে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে তাঁর নবম শ্রেণি পড়ুয়া ভাতিজা।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাছনি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত আবুল কাশেমকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে আবুল কাশেমের ছোট ভাই আবু নাছের মারা যান। ভাইয়ের মৃত্যুর পর থেকে চার সন্তানের জনক কাশেম তাঁর ছোট ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করার জন্য চাপ ও বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই নারী বারবার না করলেও তিনি উত্ত্যক্ত করা বন্ধ করেননি। বিষয়টি নিয়ে এলাকায় কয়েকবার সালিশ বৈঠকও হয়। সালিশে কাশেমকে অন্য জায়গায় বিয়ে করার কথা বলা হলেও তিনি তা না মেনে ওই নারীকে উত্যক্ত করতে থাকেন।

এর জেরে গত বৃহস্পতিবার রাতে পথিমধ্যে কাশেমকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ওই নারীর ছেলে রিহান। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, ঘটনাটি পুলিশ শুনেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর