
নিজস্ব প্রতিবেদক : মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সদস্যদের সমাজে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, মাদক ও কিশোর অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল অডিটোরিয়ামে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনপ্রশাসন সচিব বলেন, মাদকের ভয়াবহ বিস্তার এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বর্তমানে সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজের ওপরও। একইভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোরদের জড়িয়ে পড়ায় অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
তিনি বলেন, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবারকে সন্তানদের পর্যাপ্ত সময় দিতে হবে। তাদের চলাফেরা, বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পাশাপাশি শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল হতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে জনপ্রশাসন সচিব বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নৈতিক মূল্যবোধ, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন.এম. নাসিরুদ্দিনসহ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :