প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ অক্টোবর, ২০২৬

তোদের জান কালাকালা করি দিমু’ পুলিশকে সাবেক শিবির নেতার হুমকি

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে গ্রেপ্তারি অভিযানের সময় ঘরের তালা ও আলমারি ভাঙচুরের অভিযোগ তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চরম বিষোদগার ও হুমকি দিয়েছেন আতিকুর রহমান নামে ছাত্রশিবিরের সাবেক এক নেতা। তিনি ফেনী সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তাঁর বিতর্কিত স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ওসি মোহাম্মদ নুরুল হাকিমের তাৎক্ষণিক বদলির বিষয়টি উল্লেখ করে আতিকুর লেখেন, ‘বদলি কি সব সমস্যার সমাধান?’ একই সঙ্গে অভিযানে থাকা পুলিশ সদস্যদের নাম, ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক পরিচয় টেনে কড়া সমালোচনা করেন তিনি। স্ট্যাটাসে তদন্ত কর্মকর্তা পরিদর্শক মঞ্জুর আলমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে গালিগালাজের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করার দাবি জানান। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে লেখেন, ‘তোদের (পুলিশের) জান কালাকালা করি দিমু দাঁড়া।’

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) রাতে তৎকালীন ওসি মোহাম্মদ নুরুল হাকিম ও পরিদর্শক (তদন্ত) মঞ্জুর আহমেদের নেতৃত্বে তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামি আতিকুর রহমানকে গ্রেপ্তারে চরপার্বতী ইউনিয়নের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি। অভিযানের সময় ঘরে ভাঙচুরের অভিযোগ এনে পরদিন রোববার রাতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চরপার্বতী ইউনিয়ন জামায়াত।

এ বিষয়ে আতিকুর রহমান অভিযোগ করেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছিল। ২০২৩ ও ২০২৪ সালে আমি এসব মামলা থেকে আদালত থেকে খালাস পাই। তবে রায়ের অনুলিপি সময়মতো না তোলায় তা থানায় দেওয়া হয়নি; যা সোমবার জমা দিয়েছি। এর মধ্যেই পুলিশ বাড়িতে ঢুকে অযথা ঘরের দরজা ও আলমারি ভেঙে ফেলেছে।’

ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, আতিকুরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারে এটি পুলিশের নিয়মিত অভিযান ছিল। দরজা বা আলমারি ভাঙার বিষয়টি পুরোপুরি সাজানো ও মিথ্যা।

আরও পড়ুন

  • . এর আরও খবর