প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২৬

সেনবাগের নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাসকূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক ধারণা অনুযায়ী, কূপটি থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার তথ্য জানায় বাপেক্স। বর্তমানে কূপটিতে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) চলছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এ পরীক্ষা শেষ হলে গ্যাসের মজুত ও উত্তোলনযোগ্য পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাপেক্স সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিউডি প্রযুক্তি ব্যবহার করে কূপটি ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে।

সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দুই থেকে তিন দিন কূপটিতে ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে এবং কী পরিমাণ গ্যাস উত্তোলন করা সম্ভব হবে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, কূপটি থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। তবে পরীক্ষার ফলাফল পাওয়ার পরই এর প্রকৃত মজুত ও উৎপাদন সক্ষমতা সম্পর্কে চূড়ান্ত তথ্য জানা যাবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর