
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : পূর্ব চরমটুয়াতে ৯৫ পিস ইয়াবাসহ মো. নুরুল ইসলাম মিয়া প্রকাশ মিয়া ডাকাত (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দুটি হত্যা মামলাসহ মোট ১১টি নিয়মিত মামলার আসামি এবং তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সুধারাম মডেল থানাধীন ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার সিরাজের বাড়ির একটি টিনের ঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল ইসলাম মিয়া সূর্যনারায়ণবহর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত এলাহি বক্স ও মৃত তৈয়বা খাতুনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় নুরুল ইসলামকে আটক করে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার নুরুল ইসলামের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর দায়ের করা একটি হত্যা মামলাসহ ২০১৪ সালের ৩০ জুলাই দায়ের করা আরেকটি হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও নয়টি নিয়মিত মামলা ও পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :