
আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : বেগমগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহমান রুবেল (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকায় মৃত হাজী আব্দুল কাদেরের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রহমান রুবেল ওই এলাকার মৃত হাজী আব্দুল কাদেরের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ওসির সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রুবেলকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :