
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে সম্পত্তির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।
রোববার সকালে বসুরহাট বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন চরপার্বতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নুরুল আমিন চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ শাহজাহানের ছেলে শাখাওয়াত হোসেন শাওন ও তাঁর বড় বোন সেফালী।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গত শুক্রবার ঘরের সীমানাপ্রাচীর নিয়ে বিরোধের জেরে একই বাড়ির শাহ আলমের পরিবারের কয়েকজন সদস্য তাঁদের ওপর হামলা চালান। এতে শাহজাহান গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয় চৌকিদার বেলালের বিরুদ্ধেও হুমকি দেওয়া ও হামলায় উসকানি দেওয়ার অভিযোগ করেন পরিবারের সদস্যরা। তবে বেলাল চৌকিদার অভিযোগ অস্বীকার করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :