
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ব্লক ও বাটিক বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণে চট্টগ্রাম বিভাগের ৩০ জন নারী পল্লী উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টির পথ প্রশস্ত হবে বলে আশা করছেন আয়োজকেরা।
বৃহস্পতিবার সকালে নোয়াখালী পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের যুগ্মপরিচালক মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবির ইরেসপো প্রকল্পের পরিচালক মোহাম্মদ রাশেদুল আলম।
নোয়াখালী পল্লী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআরডিবি জেলার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন সহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নারী উদ্যোক্তারা।
আয়োজকেরা জানান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’ (ইরেসপো)-এর আওতায় সুফলভোগী নারী সদস্যদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পাঁচ দিনের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্লক ও বাটিকের বিভিন্ন কাজের ওপর দক্ষতা অর্জনের সুযোগ পান।
তাঁরা আরও জানান, এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং পারিবারিক আর্থিক সচ্ছলতা অর্জনে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি তাঁদের উদ্যোগ গ্রামীণ অর্থনীতির বিকাশেও অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :