প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় জেলার চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

আবু জাফর মোহাম্মাদ আলী জনী, স্টাফ রিপোর্টার : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি চাটখিল থানাধীন শ্রী শ্রী যুবরাজ মায়ের মন্দির ও শ্রী শ্রী গৌর নিতাই মন্দির এবং সোনাইমুড়ী থানাধীন কালীবাড়ি দেবালয় মন্দির ও শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ ছাড়া পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানজট নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য মহিলা স্বেচ্ছাসেবী দল গঠন ও তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান জানান। একই সঙ্গে শান্তি ও সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন।

জেলা পুলিশ জানিয়েছে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

আরও পড়ুন

  • . এর আরও খবর