
উপজেলা সংবাদদাতা, চাটখিল :: চাটখিলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোতাহের হোসেন মোতা (৫০)-এর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার (২ নভেম্বর) জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মুসলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ‘নোয়াখালীর বার্তা’র সম্পাদক, ‘ঢাকা টাইমস’-এর চাটখিল উপজেলা প্রতিনিধি ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মোতাহের হোসেন মোতা চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের বাসিন্দা।
এর আগে সাংবাদিক রিয়াদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত রোববার (১ নভেম্বর) বিকেলে চাটখিল উপজেলা পরিষদ এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িত আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়িসংলগ্ন মোতার দোকানে মসজিদের দানবাক্সের টাকা চুরির সংবাদ সংগ্রহ ও তথ্য জানতে চাওয়াকে কেন্দ্র করে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মোতাহের হোসেন মোতা, তাঁর দুই ছেলে প্রান্ত ও ফাহিমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে সেদিনেই চাটখিল থানায় মামলা দায়ের করা হয়।
আপনার মতামত লিখুন :