
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :: কবিরহাট সরকারি কলেজের শিক্ষক শফিকুল ইসলাম আর নেই শোকের ছায়া শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে।
ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন কবিরহাট সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা ও শিক্ষক শফিকুল ইসলাম।
তাঁর এই অকাল প্রয়াণে কলেজ প্রাঙ্গণসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, শিক্ষক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ক্যানসারজনিত জটিলতায় ভুগছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
চিকিৎসাধীন অবস্থায় তিনি (৩ নভেম্বর) মঙ্গলবার সকাল ১০ টা ২৫ মিনিটে ঢাকা আহ্ছানিয়া ক্যান্সার মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী শফিকুল ইসলাম বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে কবিরহাট সরকারি কলেজে দর্শন বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। সহকর্মীদের মতে, তিনি শুধু একজন দক্ষ শিক্ষকই ছিলেন না, বরং শিক্ষার্থীদের কাছে ছিলেন এক অনুকরণীয় পথপ্রদর্শক।
দায়িত্ব পালনকালে তাঁর মেধা, নিষ্ঠা ও অমায়িক ব্যবহার সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল।তাঁর মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছালে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের আবহ তৈরি হয়। প্রিয় শিক্ষককে হারিয়ে অনেক শিক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
কবিরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদ, শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :