
স্টাফ রিপোর্টার :: সুবর্ণচরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুর থেকে মোহাম্মদ শামীম (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেরানী বাজার সমাজের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম ওই এলাকার ইরাক প্রবাসী মোহাম্মদ হারুন ও নাসিমা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে খেলতে গেলে সবাই বাড়ি ফিরলেও শামীম নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। নিখোঁজের একদিন পর বাড়ির পাশের পুকুরে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, মঙ্গলবার থেকে শিশু টি নিখোঁজ ছিল। আজ পুকুর সেচ দিয়ে পানি কমিয়ে তার মরদেহ পাওয়া যায়। প্রবাসী পরিবারসহ আমরা সবাই শোকাহত।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিক হাসান বলেন, বিকেলে সবাই খেলা শেষে বাড়ি ফিরলেও শামিম বাড়ি ফিরে নাই। আমরা রাত থেকে খবর নিয়েছি। আজ দুপুরে মরদেহটি পুকুর থেকে তোলা হয়েছে। পানিতে ডুবে তার গায়ের জামা কোনো কিছুর সঙ্গে আটকে যাওয়ায় মরদেহটি ভেসে উঠেনি।
আপনার মতামত লিখুন :