
উপজেলা সংবাদদাতা, সুবর্ণচর :: সরকারি খাল দখল ও সরকারি সম্পত্তি রক্ষাসহ ভূমি-সংক্রান্ত নানা অনিয়মের বিরুদ্ধে সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ছেনমং রাখাইন। দখলকৃত সরকারি খাল উদ্ধারে একের পর এক অভিযান পরিচালনা করে আলোচনায় এসেছেন তিনি। তাঁর এসব পদক্ষেপে জনগনের মধ্যে ইতিবাচক আলোচনার সাড়া জেগেছে।
ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক খাল উদ্ধার, সরকারি খাসজমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভূমি-সংক্রান্ত অনিয়ম প্রতিরোধ এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। নিয়মিত অভিযান ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি।
স্থানীয়দের মতে, সরকারি সম্পত্তি রক্ষা এবং সাধারণ মানুষের ভূমি-সংক্রান্ত ভোগান্তি কমাতে প্রশাসনের এমন সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রভাবশালী মহলের দখলদারিত্ব ও অনিয়মের বিরুদ্ধে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।
তবে এসব অভিযান যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক না হয়ে আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হয়, এমন প্রত্যাশাও স্থানীয়দের।
সচেতন মহলের মতে, ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে। অন্যায়ের বিরুদ্ধে এমন দৃঢ় অবস্থান অব্যাহত থাকলে সুবর্ণচরের ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে বাধ্য।
এ বিষয়ে এসিল্যান্ড ছেনমং রাখাইন বলেন, সরকারি সম্পদ উদ্ধারে বিন্দুমাত্রও ছাড় দেওয়া হবেনা। অভিযান চলছে চলবে।
ইতিমধ্যে আমি ইউএনও মহোদয়ের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিবিদদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় দখলকৃত বিপুল সংখ্যক খাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বর্ষামৌসুমে সুবর্ণচরে জলাবদ্ধতা সৃষ্টি হয়না বললেই চলে।
সুবর্ণচর উপজেলার ইউএনও আকিব ওসমান বলেন, উক্ত বিষয় গুলো নিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক আমার মাধ্যমে নির্দেশিত হয়ে সততা বজায় রেখে সাহসের সাথে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন সুবর্ণচরের এসিল্যান্ড ছেনমং রাখাইন। তিনি আরো বলেন, দখলকৃত সরকারি খাল উদ্ধারসহ যে কোন অন্যায়-অনিয়মের বিরুদ্বে কঠোর অবস্থানে রয়েছে সুবর্ণচর উপজেলা প্রসাশন।
আপনার মতামত লিখুন :