প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ নভেম্বর, ২০২৬

বিপ্লবের সার্থকতা ক্ষমতার পরিবর্তনে নয়, মানুষের ভাগ্য পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে একটি আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদের মূল দর্শন ছিল ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিককে জাতীয় ঐক্যের বন্ধনে আবদ্ধ করা। তাঁর ১৯ দফা কর্মসূচির মাধ্যমে কৃষি, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথ সুগম হয়েছিল। ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব শুধু রাজনৈতিক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি জাতীয় ঐক্য, সংহতি ও স্থিতিশীলতার বার্তাও বহন করে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনঃপ্রবর্তন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সংস্কার আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা করি। বিপ্লবের সার্থকতা ক্ষমতার পরিবর্তনে নয়, মানুষের ভাগ্য পরিবর্তনে। তাই ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে একটি আত্মনির্ভরশীল, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. মো. শিবলু রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর