
উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ :: কোম্পানীগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাসে দুই বছর ধরে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগের পর ৯ বছর বয়সী শিশু আরাফাত হোসেন আদিবের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে নিজ বাড়িতে মারা যায় সে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের স্বজনেরা।
নিহত আদিব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে এবং স্থানীয় লোহারপুল দারুস সালাম মডেল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, মাদ্রাসার পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদ আদিবকে ছাত্রাবাসে আটকে রেখে নিয়মিত নির্যাতন করতেন। গত ১৫ অক্টোবর তাঁদের বেধড়ক মারধরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। স্বজনদের অভিযোগ, ওই ধারাবাহিক নির্যাতনের ফলেই আদিবের শরীরের এক পাশ অবশ হয়ে যায় এবং যকৃতে মারাত্মক জটিলতা দেখা দেয়।
এরপর তাকে প্রথমে বসুরহাটের ইবনে সিনা হাসপাতাল, মাইজদী হয়ে পরবর্তীতে ঢাকার শিশু হাসপাতালে নিয়ে দীর্ঘ চিকিৎসা করানো হয়। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় সম্প্রতি তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর পর নিহতের চাচাতো ভাই মো. রাফি বাদী হয়ে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার পর থেকে বক্তব্য জানতে অভিযুক্ত পরিচালক দেলোয়ার হোসেন ও শিক্ষক শাব্বির আহমেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে শিশুটির মৃত্যুর আসল কারণ এবং ঘটনার পেছনের রহস্য পরিষ্কার হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :