
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, নোবিপ্রবি :: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক কর্মচারীর বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত কর্মচারী মো. হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন শাখা থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা নোটিশে তাঁকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর রোববার রোজ রবিবার ইয়াবাসহ আটক হন হুমায়ুন কবির। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নোটিশে আরও বলা হয়, তাঁর বিরুদ্ধে সরকারি চাকরি আইন, ২০১৮, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তামজিদ হোসাইন চৌধুরী বলেন, যে শোকজ করা হয়েছে এটার জবাবটা আসুক। আসার পরে এটা আইন কানুন দেখে আইন অনুযায়ী একটা ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :