প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬

সেনবাগে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :: সেনবাগে মায়ের অভিযোগের ভিত্তিতে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় মোঃ সাইফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

এর আগে বিকেলে সাইফুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ উপজেলার ৮ নম্বর বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। এ সময় আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। পরে কারাদণ্ড ভোগের জন্য তাকে সেনবাগ থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ওই গ্রামের মৃত আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা ও পরিবারের সদস্যদের মারধর করতেন। সোমবার দুপুরে মাদকাসক্ত অবস্থায় তিনি বসতঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান এবং মাকে মারধর করেন। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালতের আদেশের পর তাকে কারাগারে পাঠানোর জন্য পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর