
স্টাফ রিপোর্টার : মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধই সমাধান এ প্রতিপাদ্যে মাইজদীতে নানা কর্সূচির মধ্যদিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শেণি পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে মাদকবিরোধী মানববন্ধন করা হয়।
পরে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন জেলা শিক্ষা অফিসার নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর জাহান নীলা, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: যিশুদাস গুপ্ত, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু।
আলোচনা সভায় বক্তাগণ মাদকের আগ্রাসন প্রতিরোধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী রতনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :