প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ জুলাই, ২০২৪

হত্যা-নির্যাতনের প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের কোটাসংস্কার আন্দোলন দমন করার জন্যে সারাদেশে হত্যা, গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার উদ্যোগে ১৮ জুলাই’২৪ বৃহস্পতিবার বিকেল ৪টায় পল্টন মোড়ে সমাবেশ ও শেষে মিছিল অনুষ্ঠিত হয়।

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান।

বাম মোর্চার নেতৃবৃন্দ হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বলেন, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনে সারাদেশের সর্বস্তরের মানুষ সামিল হয়েছে। কিন্তু, গণদাবি উপেক্ষা করে সরকার হত্যা-নির্যাতনের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমনের ফ্যাসিবাদী পথ অনুসরণ করছে। সরকার ও গণতন্ত্রকামী ছাত্র-জনতা আজ মুখোমুখি দাঁড়িয়ে গেছে।

বাম মোর্চার নেতৃবৃন্দ সকল হত্যাকাণ্ডের বিচার, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি, সকল শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া এবং শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর