
উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী সাবেক সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে এলাকাবাসী। চরজব্বার ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনতার ব্যানারে রোববার বিকাল ৩টায় সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদের সামনে কাঞ্চন বাজারে ঝাড়ু ও জুতা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক জনসাধারণ এতে অংশগ্রহণ করেন। ঝাড়ু মিছিল থেকে চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুককে দ্রুত পরিষদ থেকে পদত্যাগের দাবি করেন৷
এছাড়াও স্থানীয় জনতা এমন মিথ্যা মামলা প্রত্যাহার এবং বাদীকে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন। উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে বিএনপির এক আলোচনায় শেখ মুজিবকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক জিয়া। এ বক্তব্যের জেরে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে এ মামলা করেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক। মামলাটি আমলে নিয়ে চরজব্বর থানাকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন বিচারক। উপপরিদর্শক আনোয়ার হোসেন ভূঁঞা ২০১৭ সালের ৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।
আপনার মতামত লিখুন :