প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ অক্টোবর, ২০২৬

জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭৩

স্টাফ রিপোর্টার : জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আটক ১৭৩ জনের মধ্যে আগের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার দুজনকে। এ ছাড়া ১২ জনকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একজন মাদকসেবী কিশোরকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

থানাভিত্তিক হিসাবে, সুধারাম মডেল থানায় ১০ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আটজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। হাতিয়া থানায় আটক ৬৮ জনের মধ্যে দুজনকে ওয়ারেন্টের ভিত্তিতে এবং পাঁচজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৬১ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানায় ২৫ জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়। বেগমগঞ্জ মডেল থানায় আটক ২৯ জনের মধ্যে চারজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং ২৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চরজব্বর থানায় আটক ১৬ জনের মধ্যে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১৫ জনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ ছাড়া সোনাইমুড়ী থানায় আটক ১১ জনের মধ্যে তিনজনকে ৩৪ ধারায় গ্রেপ্তার এবং আটজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। চাটখিল থানায় আটজন ও কবিরহাট থানায় ছয়জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর