
স্টাফ রিপোর্টার :: সোনাইমুড়ী উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা ও বিচারাধীন মামলা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার। প্রতিকার চেয়ে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবদুল মতিন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়াগ ইউনিয়নের পুরাতন পাটোয়ারী বাড়ির বাসিন্দা আবদুল মতিনের সঙ্গে একই বাড়ির প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জয়াগ মৌজার সাবেক ৮০৭ এবং হাল ১০১২ নম্বর দাগের মোট ২৮ শতক জমির মালিকানা ও বাটোয়ারা সংক্রান্ত বিরোধ নিয়ে ২০২০ সাল থেকে নোয়াখালীর সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।
ভুক্তভোগী আবদুল মতিনের অভিযোগ, আদালতের বিচারকাজ চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন আইন অমান্য করে ওই বিরোধপূর্ণ জমিতে পাকা ভবন নির্মাণের উদ্দেশ্যে ইতোমধ্যে কলাম স্থাপন করেছেন। এ কাজে বাধা দিতে গেলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে এলাকায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ ও বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
উক্ত লিখিত অভিযোগে প্রতিপক্ষ হিসেবে বিবি কুলসুম, ইসমাইল হোসেন, সজল ও ইমতিয়াজ উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমন জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, অভিযোগে জমির সাবেক দাগ নম্বর ৮০৭ উল্লেখ করা হলেও বিবাদীপক্ষ ৮৭০ নম্বর দাগের দাবি করছে। দাগ নম্বর নিয়ে উভয় পক্ষের মধ্যে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তাই তাদের আদালতের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের অন্যতম অভিযুক্ত ইসমাইল হোসেন দাবি করেন, আমাদের সম্পত্তি ৮০৭ ও ৮৭০ নম্বর দাগে অবস্থিত। আমরা আমাদের নিজেদের সম্পত্তির উপরেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছি।
ভুক্তভোগী আবদুল মতিন অবিলম্বে বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে সরেজমিনে পুলিশ প্রেরণ এবং অবৈধ নির্মাণকাজ বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :